প্রেমিকার আপত্তিকর ছবি ছড়ানোর হুমকি, আটক ১

চট্টগ্রামে ব্যক্তিগত মুহূর্তের আপত্তিকর ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. মাঈন উদ্দিন হিরন চৌধুরী (৪০) নামের একজনকে আটক করেছে র‍্যাব।

শনিবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের চকবাজার থানার দামপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

রবিবার (১৭ অক্টোবর) তিনি বলেন, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে জানা যায়, প্রায় এক বছর আগে মাঈন উদ্দিন হিরনের সাথে ভিকটিমের পরিচয় হয়। পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। সম্পর্কের এক পর্যায়ে ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করেন মাঈন উদ্দিন। সেই সাথে জোরপূর্বক মোবাইলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখেন। এসব ছবি ও ভিডিও দ্বারা ভিকটিমকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন মাঈন উদ্দিন। একপর্যায়ে অভিযুক্ত মাঈন সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেন।

তিনি বলেন, এসব অভিযোগের ভিত্তিতে ১৬ অক্টোবর দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাঈন উদ্দিনকে আটক করা হয়েছে। মাঈন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি আরও বলেন , মাঈন উদ্দিনের কাছ থেকে একটি মোবাইল ও কথা রেকর্ড করে রাখা সিডি উদ্ধার করা হয়েছে। আসামিকে চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.