নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়ায় বিয়েতে খাবার কম দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ থেকে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে তারা উপজেলার কেরানীহাট আশশেফা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
শনিবার উপজেলার কালিয়াইশ ইউনিয়নের নিরিবিলি কমিউনিটি সেন্টারে দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বরপক্ষকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী খাবার সরবরাহ করতে পারেনি কনে পক্ষ। বিষয়টি নিয়ে কনেপক্ষ আর বরপক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মোল্লা মো. জাহাঙ্গীর জানান, দুপুরে ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে মাংস কম পড়ায় বরপক্ষের সঙ্গে মেয়েপক্ষের বাকবিতণ্ডা ঘটে। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় চেয়ারম্যান বিষয়টি সামাজিকভাবে সমাধানের দায়িত্ব নিয়েছেন।