সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার মামলায় নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক একেএম মহিউদ্দিন সেলিমকে। এর আগের তদন্ত কর্মকর্তা পরিদর্শক সন্তোষ কুমার চাকমাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) বদলি করা হয়েছিল।
সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর বিশেষ পুলিশ সুপার নাঈমা সুলতানা।
তিনি বলেন, মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সন্তোষ কুমার চাকমাকে সিএমপিতে বদলি করা হয়েছিল। তিনি গত ১৭ নভেম্বর সিএমপিতে যোগ দিয়েছেন।
আজ সোমবার (২২ নভেম্বর) মাহমুদা খানম মিতু হত্যার মামলায় নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে পরিদর্শক একেএম মহিউদ্দিন সেলিমকে।
২০১৬ সালের ৫ জুন সকালে নগরের পাঁচলাইশ থানার জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে। হত্যাকাণ্ডের পর নগরের পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়, যার বাদী ছিলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার নিজেই। কয়েক বছর মামলাটির তদন্তে ছিল নগর গোয়েন্দা পুলিশ। এরপর সেটি যায় পিবিআই’র হাতে। পরে বাবুলকেই স্ত্রী হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করে পিবিআই। গত ১২ মে মিতুর বাবা মোশাররফ হোসেন বাবুল আক্তারকে প্রধান আসামি করে আরেকটি মামলা করেন।