গভীর সমুদ্রে অভিযান : মানবপাচারকারী চক্রের ৬ সদস্য আটক

গভীর সমুদ্রে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫ সদস্যরা। এ সময় মানব পাচারে ব্যবহৃত ট্রলার ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (১৬ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে সাগরের কক্সবাজারের নাজিরারটেক চ্যানেল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শাহ জাহান (৩৭), মো. পারভেজ (২৩),মো. আব্দুল মাজেদ (২৭), আমির মো. ফয়সাল (২৪), মো. শাকের (৩০), মো. রফিক আলম (৩৫)। তারা ৫২ জনকে মায়ানমারে বিক্রি করে ফিরছিলো বলে উল্লেখ করেছে র‌্যাব-১৫।

বিষয়টি নিয়ে শনিবার দুপুরে র‍্যাব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর শেখ মো. ইউসুফ বলেন, এ মানব পাচারকারী চক্রের ওপর দীর্ঘদিন যাবৎ র‌্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গভীর রাতে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি ট্রলার জব্দ করা হয়েছে। পরে ট্রলারটি তল্লাশি করে ১টি দেশীয় পিস্তল, ২টি থ্রিকোয়ার্টার গান, ৪ রাউন্ড কার্তুজ, ২টি রামদা, ১টি স্যাটেলাইট ফোন, ১টি কম্পাস, ১টি জিপিএস, পাচারকৃত সদস্যদের ফেলে যাওয়া ১৬ টি মোবাইল, ১০ টি সিমকার্ড, ১টি হাতঘড়ি এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র‍্যাবের কাছে স্বীকার করেছে তারা মানবপাচারকারী চক্রের সিন্ডিকেট। তারা ৫২ জনকে ভিকটিমকে মায়ানমারে বিক্রি করে ফিরছিলেন। আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.