চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ নালা নর্দমায় ঢাকনা হিসেবে ব্যবহারের জন্য ১ ট্রাক স্ল্যাব-ঢাকনা প্রদান করেছে চসিক সাবেক মেয়র এম মনজুর আলম।
সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর অনুরোধে দ্বিতীয় বারের মত এ সব স্ল্যাব উপহার দেওয়া হয়েছে।
সাবেক মেয়র মনজুর আলম বলেন, নগরের বিভিন্ন এলাকার অনিরাপদ নালা-নর্দমা নিরাপদ করতে ও দুর্ঘটনা রোধে স্ল্যাব প্রদান করা হয়েছে। কারণ খোলা নালা-নর্দমার ফলে গত বছর বেশ কিছু প্রাণ হানি ঘটেছে। আমরা চাই না এ ধরণের ঘটনার আর পুনরাবৃত্তি ঘটুক। তা ছাড়া খোলা নালার স্রোতের কবলে আরও কারো স্বপ্ন ভেসে যাক তাও প্রত্যাশা করি না। আমরা চাই চসিক এলাকার রাস্তা-ঘাট ঝুঁকিমুক্ত থাকুক ও জনসাধারণের চলাচল নিরাপদ থাকুক।
এসময় নগরবাসীর প্রয়োজনে নগরের যে কোনো সমস্যা সমাধানে বতর্মান মেয়রের পাশে থাকবেন বলেও ঘোষণা দেন তিনি।
এদিকে নগরের অক্সিজেন মোড়কে মাইজভান্ডারী চত্বর ঘোষণার প্রেক্ষিতে গোল্ডেন ইসপাত লিমিটেড ও এইচ এম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনায় মাইজভান্ডারী চত্বর নির্মাণের প্রস্তাবিত নকশাও মেয়রকে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, এইচ এম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. শামছুদ্দোহা, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ূন কবীর চৌধুরী, এইচ এম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান প্রকৌশলী মো. এয়াকুব নবী প্রমুখ।