ইদুল ফিতর উপলক্ষে ভাসমান পথশিশুদের কাছে এক টাকার বিনিময়ে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। ব্যতিক্রমী এই উদ্যোগে সাড়া দিয়েছে পথশিশুরা। নতুন পোশাক পেয়ে আনন্দে মেতেছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনে ভাসমান পথশিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়। চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো. নুরুন নবী সাহেদ এই কর্মসূচি শুরু করেছেন।
নুরুন নবী সাহেদ সারাবাংলাকে বলেন, ‘প্রথমদিনে আমরা ৩০০ পথশিশুর মাঝে পোশাক বিতরণ করেছি। এক টাকার বিনিময়ে ছেলেমেয়েরা এসে পোশাক কিনে নিয়েছেন। তারা যাতে নিজেদের ভিক্ষুক মনে না করে, সেজন্য প্রতীকী দামে পোশাক দিয়েছি। পোশাকের মধ্যে প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, মেয়েদের কামিজ ছিল।’
এই কার্যক্রম রমজানের শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে। শেষ দিনে এক টাকার বিনিময়ে সেমাই, নুডলস, চিনি, শরবত তৈরির উপকরণ দেয়া হবে বলে নুরুন নবী সাহেদ জানিয়েছেন।
পোশাক বিতরণের সময় ছাত্রলীগ নেতা সাজ্জাদ আলম, নুর মোহাম্মদ সানী, শাহাদাত হোসেন আবির, কাজী তফসির, মাহিআল ফয়সাল উপস্থিত ছিলেন।