বাঁশখালী প্রতিনিধিঃ নবম ধাপে আজ বুধবার (১৫ জুন) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৩ টি ইউনিয়নে নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে । আর এই উপজেলার এবারের প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট হওয়ায় উদ্বিগ্ন রয়েছে সাধারণ ভোটারসহ প্রার্থীরা। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। তফসিল ঘোষণার পর থেকে নবম ধাপের ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতায়, বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘাতে আশংকা করা হচ্ছে। জানা গেছে, বাঁশখালীর ১৩ ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটাররা প্রথমবারের মতো ইভিএম ভোট দিচ্ছে । আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি, ৬০ জন র্যাব ও ১৪ শ’ পুলিশ মোতায়েন করা হয়েছে। ১৩টি ইউনিয়নের মোট ২ লাখ ৭৪ হাজার ৯ শ ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৬শ ২৮ জন, মহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ৩শ ৮ জন। উপজেলায় ১৩ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ৭৫ জন, সংরক্ষিত মহিলা ১৫৪ জন, সাধারণ সদস্য ৫৪৭ জন। ১২৭টি ভোট কেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা ৮৩৪। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রিসাইডিং অফিসার প্রশিক্ষণ নিয়েছেন ১৬০ জন, সহকারী প্রিসাইডিং ৯৭০ জন, পোলিং অফিসার প্রশিক্ষণ নিয়েছেন ১ হাজার ৯১৩ জন। বাঁশখালী অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র্যাব টহলের পাশাপাশি একজন ওসির নেতৃত্বে ২৬টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে। বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফয়সাল আলম বলেন, একটা উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ভোট চলছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। কোথাও তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।