চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকের সামনে থেকে চুরি হওয়া মোটরসাইকেল হাটহাজারী থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য মোহাম্মদ জমির উদ্দিন রুপু (২৪) ও মো. জুয়েলকে (১৯) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) দিবাগত রাতে হাটহাজারী থানার ফরহাদাবাদ ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার বলেন, গত ৭ জুলাই বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকের সামনে থেকে নুরুন্নবী আলম নামে এক যুবকের মোটরসাইকেল চুরি হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় হাটহাজারী থানার ফরহাদাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরাই মোটরসাইকেল চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.