ইপিজেড লেবার কলোনিতে ছুরিকাঘাতে যুবক হত্যা

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার লেবার কলোনি এলাকায় ছুরিকাঘাতে আবদুর রহিম বাচন (৪০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দায়ী কে সেই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া না গেলেও প্রতিবেশী এক মেয়েকে চড় দেয়ার জেরে বাচন এ ঘটনার শিকার বলে জানা গেছে।

শনিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ইপিজেড থানার লেবার কলোনি গলির মুখে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেছেন ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) কবিরুল ইসলাম।

তিনি বলেন, ‘লেবার কলোনি রোডে রাস্তার ওপরেই আবদুর রহিম বাচন নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর। এলাকায় খারাপ লোক হিসেবে পরিচিত। তিনি কোনকিছুই করতেন না। ঘটনার পর তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, তৌসিফ (২৬) ও আবদুর রহিম বাচন প্রতিবেশী। পারিবারিক ঝগড়ার জের ধরে তৌসিফের ছোট বোন সোনিয়াকে চড় দেয় বাচন। তৌসিফ পেশায় সিএনজি অটোরিকশাচালক।

এ ঘটনার পর রনি নামে তৌসিফের এক চাচাতো ভাইয়ের সাথে লেবার কলোনির মুখে বাচনের সাথে দেখা হলে ওই বিষয়ে কথার বলার এক পর্যায়ে দুজনের মধ্যে বাক-বিতণ্ডা থেকে ধস্তাধস্তি হয়। ধারণা করা হচ্ছে, বাচনের কোমড়েই ছুরিটি গোঁজা ছিল। ধস্তাধস্তির সময় ওই ছুরির আঘাতেই বাচন আহত হয়। তবে এ বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহত বাচনের কোমড়ের ডান পাশে একটি মাত্র ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে।

হত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) কবিরুল ইসলাম বলেন , ‘এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আর ঘাতককে আমরা খুঁজছি, তবে এখনও অজ্ঞাত।’

তৌসিফের বিষয়টি উল্লেখ করে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, আমি এরকম কিছু এখনো শুনিনি। এ বিষয়ে তদন্ত করে জানাবো

মন্তব্য করুন

Your email address will not be published.