জ্বালানি তেলের দাম বাড়ায় চট্টগ্রাম ও ঢাকা মহানগরে নতুন করে কিলোমিটার প্রতি আড়াই টাকা ভাড়া নির্ধারণ করেছে বিআরটিএ। এর আগে কিলোমিটার প্রতি ছিল ২ টাকা ১৫ পয়সা। অর্থাৎ, নতুন করে কিলোমিটার প্রতি ভাড়া বেড়েছে ৩৫ পয়সা।
এছাড়া দূরপাল্লায় ভাড়া বেড়ে হয়েছে প্রতি কিলোমিটার ২ টাকা ২০ পয়সা। এর আগে ছিল, ১ টাকা ৮০ পয়সা।
বৈঠক শেষে বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সাংবাদিকদের এসব তথ্য জানান।
এর আগে শনিবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ের বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসেন কর্মকর্তারা। এতে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
বৈঠকে অংশ নেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, ওসমান আলী, ঢাকা সড়ক পরিবহন মালিকসহ পরিবহন শ্রমিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।