চট্টগ্রামে ২ শতাধিক দোকানপাট উচ্ছেদ, জরিমানা

চট্টগ্রাম নগরের জিইসি মোড়, গোলপাহাড় মোড়, এশিয়ান হাইওয়ে, শুলকবহর, বহদ্দারহাট কাঁচাবাজার এবং শাহ আমানত সেতু সড়কের নতুন চান্দগাঁও থানা পর্যন্ত রাস্তা ও ফুটপাতের উভয় পাশে অবৈধ স্থাপনাসহ দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল রাস্তা ও ফুটপাতে রেখে যান ও জন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৪ জনের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার (৭ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন। এতে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুনাইদ কবির সোহাগ।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর এক অভিযানে ফিরিঙ্গিবাজার এলাকার বিভিন্ন সড়কের উভয় পাশের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল ও নির্মাণসামগ্রী রাখার দায়ে ৭ জনের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানকালে ফিরিঙ্গিবাজার এলাকায় নির্মাণাধীন ভবনের নিচে এডিস মশা বংশ বিস্তারের উপযোগী জমাটবদ্ধ পানির উৎস পাওয়া যায়। ওই পানি ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে নিষ্কাশনের ব্যবস্থা করা হয় এবং আগামীতে পানি জমা থাকলে তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য ভবন মালিককে নির্দেশনা দেওয়া হয়।

সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা অভিযানে সহায়তা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.