খালেদা জিয়ার নেতৃত্বেই যুগপৎ আন্দোলন: মির্জা ফখরুল

সরকার হটানোর ‘যুগপৎ আন্দোলন’ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (০৩ অক্টোবর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) সঙ্গে সংলাপ শেষে এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলন চলা অবস্থাতেই সকলের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের নেতৃত্ব বা নেতা আগেই ঘোষণা করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াই আমাদের নেত্রী। তার অবর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নেতা। সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফা সংলাপ শেষ করে বিএনপির যুগপৎ আন্দোলন শুরু করবে।

তিনি বলেন, ‘আমরা আজ দ্বিতীয় দফা সংলাপে যুগপৎ আন্দোলনের রূপরেখা নির্ধারণ করার বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের দাবি-দাওয়ার মধ্যে যেটা কমন, সেটা হচ্ছে এই সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তবর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, নতুন নির্বাচন কমিশন গঠনের পর তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি।’

‘আমরা একমত হয়েছি যে, এই দাবিগুলোতে আমরা যুগপৎ আন্দোলন শুরু করব। সব রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষ করেই এটা আমরা শুরু করব’- বলেন মির্জা ফখরুল।

মোস্তফা জামাল হায়দার বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে- সবাইকে একত্রিত করা। আমরা সেই পথে অনেকখানি অগ্রসর হয়েছি। আমরা আওয়ামী লীগবিরোধী সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় সফলকাম হয়েছি। আমি বিশ্বাস করি, আমাদের সকলের ঐক্যবদ্ধ এই সংগ্রাম জয়যুক্ত হবে।’

সংলাপে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে দলটির ৯ জন প্রতিনিধি ছিলেন। এরা হলেন- ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস, মাওলানা রুহুল আমীন, সেলিম মাস্টার, কেন্দ্রীয় নেতা হান্নান আহমেদ খান, এএসএম শামীম, কাজী মো. নজরুল ও গোলাম মোস্তফা।

বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলম খান।

গতকাল ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির সাথে সংলাপের মধ্য দিয়ে দ্বিতীয় দফা সংলাপ শুরু করে বিএনপি। সন্ধ্যায় এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের সঙ্গে সংলাপে বসবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্তব্য করুন

Your email address will not be published.