নতুন মন্ত্রিপরিষদ সচিব কবীর বিন আনোয়ার

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ ডিসেম্বর।

রবিবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর করা হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ে কবির বিন আনোয়ারের স্থলাভিষিক্ত হচ্ছেন পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান।

কবির বিন আনোয়ার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৭ম ব্যাচের একজন কর্মকর্তা। ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তার বর্ণিল ও সাফল্যমন্ডিত দীর্ঘ পেশাগত জীবনে একাধারে মাঠ প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এখনো করে যাচ্ছেন। মাঠপ্রশাসনের যে সব গুরুত্বপূর্ণ পদে তিনি কর্মরত ছিলেন তার মধ্যে সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্যতম।

মন্তব্য করুন

Your email address will not be published.