চট্টগ্রাম ব্যুরো: ২০২১-২২ অর্থবছরে ২২৫ কোটি ৮১ লাখ টাকা নিট মুনাফার মধ্য দিয়ে মৃতপ্রায় বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
রোববার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম বোট ক্লাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের বার্ষিক সাধারণ সভায় প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএসসি পরিচালনার পরিষদের চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক পদক্ষেপের কারণে মৃতপ্রায় বাংলাদেশ শিপিং করপোরেশন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিএসসি আবার জেগে উঠেছে। শেয়ার মার্কেটে বিএসসি একটি প্রতিষ্ঠিত কোম্পানি হিসেবে দাঁড়িয়েছে। জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয় পতাকাবাহী জাহাজ আইন পাশ হয়েছে। এর ফলে সরকারি তহবিলে আমদানি-রফতানি করা পণ্য সমুদ্রপথে পরিবহনে বিএসসি অগ্রাধিকার পাবে।’
বিএসসির উদ্যোগে ২১টি জাহাজ সংগ্রহের পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘৬টি নতুন জাহাজ এর মধ্যে বিএসসির বহরে যুক্ত হয়েছে। আরও কয়েকটি নতুন জাহাজ সংগ্রহের প্রক্রিয়া চলছে। বিএসসি শুধু দেশে নয়, আন্তর্জাতিক শিপিং ব্যবসায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
দক্ষ নাবিক তৈরির পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, ‘চারটি নতুন মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। আরও তিনটি প্রতিষ্ঠা করা হবে। বরিশাল ও মাদারিপুরে ন্যাশনাল মেরিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। কুড়িগ্রামেও একটি হবে। এর মধ্য দিয়ে দেশে যথেষ্ট পরিমাণ নাবিক তৈরি হবে। তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে। সুনীল অর্থনীতি বাস্তবায়নে বিএসসি অন্যতম অংশীদার হবে।’
এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জামান, অংশীদার কবির আহমেদ চৌধুরী, হীরালাল বণিক, কামাল উদ্দিন আহমেদ ও আব্দুল কাদের বক্তব্য রাখেন।