বাজালিয়ায় সিএনজি থামিয়ে ৩শ লিটার চোলাই মদ ধরলো পুলিশ, কারবারি গ্রেপ্তার
বাজালিয়ায় সিএনজি থামিয়ে ৩শ লিটার চোলাই মদ ধরলো পুলিশ, কারবারি গ্রেপ্তার
সাতকানিয়ায় তিনশো লিটার চোলাইমদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের হলুদিয়ার চিতামুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি হলেন— লা মং চিং মার্মা (২০)। তার বাড়ি বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকায়। সে মং ব্রোনিও মারমার ছেলে।
পুলিশ জানায়, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমানের নির্দেশনায় ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাতের তদারকিতে বাজালিয়া এলাকায় অভিযান চালান এসআই(নিঃ) মোঃ আব্দুর রহিম। চিতামুড়া নামক স্থানে পূজা দেবীর চায়ের দোকানের সামনে রাস্তার উপর একটি নম্বর বিহীন সিএনজি অটোরিকশার ভেতরে তল্লাশি চালিয়ে ৩শ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত চট্টগ্রাম সংবাদকে বলেন, তিনশো লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানান তিনি।