চট্টগ্রাম ব্যুরো: সরকার পুলিশকে জনগণের প্রতিপক্ষ করে রেখেছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (০২ জানুয়ারি) বিকেলে নগর ছাত্রদলের র্যালিপূর্ব সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, ‘সরকারের সময় ফুরিয়ে এসেছে। এই স্বৈরাচার সরকার আর বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বিএনপির গণজোয়ার দেখে তারা ভয় পেয়েছে। এজন্য বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে আবার ক্ষমতায় যাবার পথ তৈরি করতে চায় তারা। কিন্তু সরকারকে সেই সুযোগ আর দেয়া যাবে না। আন্দোলনের ম্ধ্য দিয়ে এই সরকারকে বিদায় দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এই গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের সকল নেতাকর্মীদেকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।’
পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু, শত্রু নয়। কিন্তু সরকার আপনাদের জনগণের প্রতিপক্ষ করে রেখেছে। জনগণ রাজপথে সভা-সমাবেশ করবে, এটা সাংবিধানিক অধিকার। কিন্তু সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের এই সাংবিধানিক অধিকার কেড়ে নিতে জনগণের প্রতিপক্ষ হিসেবে আপনাদের ব্যবহার করছে। এটা আপনাদের বুঝতে হবে।’
নগর ছাত্রদলের সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘এই সরকারের জুলুম-নির্যাতন থেকে কেউ রেহাই পাচ্ছে না। নগর ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলামকে গ্রেফতার করে জঙ্গি স্টাইলে আদালতে আনা হয়েছে। আমরা বলতে চাই, ছাত্রদল নেতা সাইফুল কোনো জঙ্গি সংগঠনের নেতা নয়। তাকে এভাবে আদালতে নেয়া অত্যন্ত নিন্দনীয়।’
নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে সমাবেশে নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বক্তব্য রাখেন।