লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ার আধুনগরে ব্যাটারি চালিত অটোরিকশা চুরির সময় হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে খাঁন হাট বাস স্টেশনে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন, লোহাগাড়া উপজেলার পুটিবিলা আদর্শ পাড়া এলাকার মৃত হায়দার আলীর ছেলে মো. হেলাল উদ্দিন(৩৮) ও কক্সবাজারেরর চকরিয়া হারবায় মুসলিম পাড়া এলাকার মৃত আবদুস সালামের ছেলে মো. কবির আহমদ (৩৫)।
এদের মধ্যে আটক হেলাল পেশায় রিকশা চালক। অন্যদিকে কবির পুটিবিলা এমচর হাট বাজারে ব্যাটারি চালিত অটোরিকশার গ্যারেজ চালান।
স্থানীয়দের হাতে ধরা পড়ার পর তারা জানিয়েছে, ইতোপূর্বেও অটোরিকশা চুরি করেছে। পুটিবিলা এলাকায় মাইক হারেসের ছেলে হামিদের বাসায় ভাড়া থাকেন। সেখানেই তাদের দুজনের বন্ধুত্ব। সে সুবাধে চুরি করার কাজে জড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, আধুনগর খাঁন হাট বাস স্টেশনে পার্কিংয়ে রাখা ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে আটক হেলাল। এসময় কবির নামে আরেকজন পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
লোহাগাড়া থানার এসআই দেলোয়ার হোসেন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার খবর পেয়ে আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন ও ইউপি সদস্য আবুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হন।