মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২৬

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় রবিবার (১৪ মে) সকালে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস রাজ্যের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (১৫ মে) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

রয়টার্স বলছে, উত্তর মেক্সিকান রাজ্য তামাউলিপাসের একটি হাইওয়েতে ট্রাক্টর ট্রেলার ও ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ২৬ জন নিহত হয়েছেন।

তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানায়, রাজ্যের রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার বাইরে প্রায় আধা ঘণ্টার মধ্যে দুটি গাড়ির সংঘর্ষ হয়। তারপর গাড়িগুলোতে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থলে পৌঁছে কর্তৃপক্ষ ট্রেলার বহনকারী ট্রাকটিকে দেখতে পায়নি।

তামাউলিপাস প্রসিকিউটর অফিসের একটি সূত্রের বরাতে রয়টার্সকে জানিয়েছে, ট্রাকের চালক পালিয়ে গেছেন কি না বা দুর্ঘটনায় তিনি মারা গেছেন কি না তদন্তকারীরা সে বিষয়ে নিশ্চিত নন।

সূত্র জানায়, ধারণা করা হচ্ছে, ভ্যানটি ব্যক্তিগত ব্যবসার কাজে ব্যবহার করা হত। ভ্যানের যাত্রীদের মধ্যে শিশুও ছিল। ঘটনাস্থল থেকে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই মেক্সিকোর নাগরিক।

মন্তব্য করুন

Your email address will not be published.