চট্টগ্রাম সংবাদ প্রতিবেদক:
পুরোপুরি পরিপক্ক হয়নি লিচু। এরই মধ্যে বাজার দখল করতে শুরু করেছে। এসব লিচু স্বাদে টক, আকারে মাঝারি, ভেতরের আঁটিও বড়, তবে দাম বেশি।
সপ্তাহ দেড়েক ধরেই সাতকানিয়ার বাজারে দেখা মিলছে লিচুর। অনেকে বেশি লাভের আশায় আগেভাগেই বাজারে নিয়ে আসছেন অপরিপক্ক এ লিচু। মৌসুমের ফল হিসেবে ক্রেতাদের কাছে এ লিচুর চাহিদা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, সাতকানিয়া উপজেলার কেরানীহাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে লিচুর পসরা সাজিয়ে বসে আছেন ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ীরা। চটের বস্তায় সাজিয়ে রেখেছেন লিচু। সবুজ পাতার নিচে মোড়ানো কাঁচা-পাকা সবুজ-লাল আভার লিচু। ১০০ পিস লিচু একসঙ্গে বেঁধে বানানো হয়েছে একটি করে থোকা।
আরো পড়ুন
লিচু বাজারে প্রকারভেদে লিচুর দাম একটু চড়া। প্রতি ১০০ লিচুর দাম হাঁকা হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত, প্রতি পিস হিসেবে যার দাম আসছে দুই টাকা পঞ্চাশ পয়সা থেকে তিন টাকা পর্যন্ত।
ক্রেতা সেলিম রেজা বলেন, ‘বাজারে লিচু উঠতে দেখে লোভ সামলাতে পারলাম না। এক থোকা লিচু কিনলাম ২৫০ টাকায়। আরও বেশি নেয়ার ইচ্ছে ছিল তবে একটি লিচু মুখে দিয়ে দেখলাম, টক। আবার তুলনামূলক আঁটির আকার বড়।’
লিচু ক্রেতা শফিকুল ইসলাম বলেন, ‘নতুন ফল বাজারে উঠেছে, তাই ৫০টি কিনলাম ১২৫ টাকায়। খেয়ে দেখেছি, টক। টক হলেও সমস্যা নেই, ভিটামিন সি। পরিবারের সবাই খাবে, খুশি হবে। এটি অপরিপক্ব কিনা তা আমার জানা নেই।’
কথা হয় এক বিক্রেতার সঙ্গে। তিনি বলেন, ‘নতুন ফল বাজারে উঠেছে। তাই দাম বেশি। কেউ কেউ কিনছেন, অনেকে কিনছেন না।’