চট্টগ্রামের পটিয়ায় মায়ের সঙ্গে ধারের টাকা নিয়ে বিরোধের জের ধরে খালাতো ভাই ও তার দলবলের মারধরে সাইদুল ইসলাম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) রাতে উপজেলার ছনহরা ইউনিয়নের বাতুয়া ব্রিজে এ ঘটনা ঘটে।
সাইদুল ইসলাম দক্ষিণ ছনহরা মধ্যম চাটার গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। পটিয়া সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, সাইদুলের মা ঋণগ্রস্ত। একই গ্রামের কয়েকজন তার মায়ের কাছে টাকাপয়সা পেত। এসব নিয়ে পাওনাদারদের সঙ্গে বিরোধ চলছি। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এক পাওনাদার ও তার খালাতো ভাইয়ের সঙ্গে সাইদুলের ঝগড়া হয়। ঘটনার দিন সাইদুল ব্রিজে বসে গল্প করছিল। একটি সিএনজি অটোরিকশায় করে কয়েকজন তরুণ-যুবক সেখানে এসে আচমকা তাকে মারধর শুরু করে। এতে তার মৃত্যু হয়েছে।
হৃদরোগের কারণে সাইদুলের ওপেন হার্ট সার্জারি হয়েছে বলেও জানা গেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে পাওনাদারদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। সাইদুলের পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।