বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে বাঁশখালী উপজেলার বৈলছড়ী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে পরিচালিত অভিযানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রয় এবং ক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করার অভিযোগে ৭ জন ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
এ সময় ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ক্রেতাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবেতিনি আরও জানান, বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি রোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।