ইপিজেডে অভিযান:ধর্ষণ মামলার পলাতক আসামি আকাশ গ্রেপ্তার

 

মুহাম্মদ জুবাইর

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকা থেকে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জাকারিয়া প্রকাশ আকাশ (২২)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা-এর মামলা নং-১২(০৫)/২১, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০০৩) এর ৯(১) ধারার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জাকারিয়া প্রকাশ আকাশ ইপিজেড থানা এলাকায় অবস্থান করছে।

 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ আনুমানিক রাত ৮টা ১৮ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রাম-এর একটি আভিযানিক দল মহানগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

গ্রেপ্তারকৃত জাকারিয়া প্রকাশ আকাশের পিতা মোঃ ওহিদুল হাওলাদার; তার বাড়ি কলসীদিঘীর পাড়, থানা- বন্দর, জেলা- চট্টগ্রাম। র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে সে মামলায় পলাতক ছিল এবং গ্রেপ্তার এড়াতে স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিল। অভিযানের সময় তাকে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই আটক করা হয়।

 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে বন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং গুরুতর অপরাধে জড়িত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.