ডেস্ক রিপোর্ট :
আনন্দ টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর জয়নাল আবেদীনের গাজীপুরের টঙ্গীর বাসায় হামলার ঘটনা ঘটেছে।
শনিবার রাতে পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত তার বাসায় পরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায়, শনিবার রাতে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন স্কুল সংলগ্ন কাচারি রোড এলাকায় অবস্থিত জয়নাল আবেদীনের নিজ বাসায় একদল দুর্বৃত্ত এসে হামলা চালায়। তবে ঘটনার সময় জয়নাল আবেদীন বাসায় উপস্থিত ছিলেন না। হামলাকারীরা বাসার দরজা জানালা ভাঙচুর করে।এসময় তারা ভেতরে থাকা পরিবারের সদস্যদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একই সঙ্গে তারা জয়নাল আবেদীনকে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একইভাবে তার বাসায় হামলার ঘটনা ঘটেছিল। বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।