বাথরুমে পড়ে পা ভাঙল এসপির, হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

বর্তমানে নাজির আহমেদ খান ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন।

সরকারি বাংলোর বাথরুমে পড়ে আহত হয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান। এ সময় নাজির আহমেদ খান পায়ে গুরুতর আঘাত পান।

উন্নত চিকিৎসার জন্য পুলিশ সুপারকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে।

সোমবার সকালে নগরীর সিআরবি এলাকার এসপির সরকারি বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পড়ে গিয়ে এসপির বাম পা ভেঙে গেছে। প্রথমে নাজির আহমেদ খানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

এরপর দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়।

বর্তমানে নাজির আহমেদ খান ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনাবশত পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন পুলিশ সুপার।

পরে চট্টগ্রাম মেডিকেলে এক্স-রের মাধ্যমে জানা গেছে, বাম পা ভেঙে গেছে। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে নাজির আহমেদ খান ঢাকায় চিকিৎসাধীন আছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.