ডেস্ক রিপোর্ট
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা যেন মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে পৃথক পৃথক ঘটনায় শনিবার সন্ধ্যা থেকে মোট চারজন মারা গেছেন। তিনটি ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের। যার মধ্যে দুজন শিশু। এছাড়াও আরও এক যুবক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
শনিবার সন্ধ্যার পর থেকে রবিবার দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
শনিবার উপজেলার ভূজপুর থানার দাঁতমারায় চুরির অভিযোগ তুলে নুরুল আবছার নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গ্রামে বিচার করার সময় দুই পক্ষের সংঘর্ষে পিটিয়ে হত্যা করা হয় আবছারকে। একই ঘটনায় অপর এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার দুপুর ১২টার দিকে একই এলাকায় হেয়াকোঁ পল্লী ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষ থেকে রাশেদুল আনোয়ার টিপু নামে এক ছাত্রদল নেতার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত টিপু আনোয়ার হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। একই ঘটনায় এমরান নামে আরও এক যুবককে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশের ধারণা বিষ প্রয়োগে হত্যা করা হয় টিপুকে।
সর্বশেষ রবিবার দুপুর ১২টার দিকে ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে।
বাড়ির পাশের একটি ইটভাটার মাটি উত্তোলনে সৃষ্ট গর্তের পানিতে ডুবে মৃত্যু হয় তাদের।
মৃতরা হলো- আট বছরের সাকি ও ১১ বছরের সানজিদা।
স্থানীয়রা জানায়, খেলতে গিয়ে ভুলবশত পানিতে পড়ে যায় সাকি। পরে সাকিকে বাঁচাতে পানিতে নামে সানজিদা। সেখানে দুজনের মৃত্যু হয়।
ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে।
তিনি জানান, চোর সন্দেহে হত্যার শিকার আবছারের খুনিদের ধরতে কাজ করছে পুলিশ। অন্যদিকে ছাত্রদল নেতা টিপুর হত্যার কারণ জানতে কাজ করা হচ্ছে। আর দুই শিশুর মৃত্যুর ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি বিপুল।