চট্টগ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী জাহিদ-খোকন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : পুলিশ চট্টগ্রাম নগরের শীর্ষ মাদক ব্যবসায়ী ও বন্দর-ডবলমুরিং এলাকায় মাদকের অন্যতম নিয়ন্ত্রক জাহিদ-খোকন গ্রুপের প্রধান জাহিদ হাসান প্রকাশ জাহিদ (৩২) ও মো. মঞ্জুরুল আলম খোকনকে (৩৫) গ্রেফতার করেছে ।
আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, বুধবার গভীর রাতে তারা সাঙ্গপাঙ্গদের মাঝে ইয়াবা বিলির জন্য সিডিএ আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের মাথায় অবস্থান করছিল। এ সময় পুলিশ অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে জাহিদকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে, খোকনকেও গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি জানান, এ গ্রুপে আরও ১০ জন সদস্য আছে। তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ বিভিন্ন স্থানে বিক্রি করে। উভয়ের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।