সব সেবা সংস্থার সাথে সমন্বয় করে জনদুর্ভোগ লাঘবের নির্দেশ প্রধানমন্ত্রীর

 

নিজস্ব প্রতিবেদক

সব সেবা দানকারী সংস্থার সাথে সমন্বয় করে কাজ করে জনগণের দুর্ভোগ কমাতে নবনিযুক্ত উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে নগরকে নান্দিকভাবে সবুজ, টেকইসই, বাসযোগ্য করে গড়ে তুলতেও নির্দেশ দেন তিনি। গতকাল বিকেলে সচিবালয়ে সাম্প্রতিক নিয়োগপ্রাপ্ত দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সাথে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আপনাদের নিজ নিজ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নালা-নর্দমা পরিষ্কার রাখার জন্য নাগরিকদেরও সচেতন করতে হবে।” একই সাথে তিনি সকল চেয়ারম্যানকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন।

বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন উপস্থিত থেকে সিডিএ’র বর্তমান কর্মকাণ্ড তুলে ধরেন। মূল শহরের ওপর চাপ কমাতে তিনি মাস্টার প্ল্যান অনুযায়ী স্যাটেলাইট সিটির আদলে হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী এলাকায় উপশহর গড়ে তোলার প্রস্তাব পেশ করেন। এছাড়া, সিডিএ চেয়ারম্যান তাঁর নিজ জন্মভূমি সন্দ্বীপের মানুষের যাতায়াত দুর্ভোগ কমাতে একটি আধুনিক ‘সী-ট্রাক’ এবং দুই পাড়ের ফেরীঘাটে ওঠানামার টেকসই সুব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।

তিনি বলেন, প্রধাবমন্ত্রী আমার কাছে জানতে চেয়েছিলেন সন্দ্বীপ আমার সিডিএ’র আওতাভুক্ত কিনা। আমি বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী সন্দ্বীপ আমার এলাকায় না পড়লেও এটি আমার জন্মস্থান। তাই সেখানকার মানুষের প্রতি আমার কিছু কমিটমেন্ট রয়েছে। দীর্ঘ দিন দ্বীপবাসী যাতায়াতে দূর্ভোগ পোহাচ্ছে। তাদের দু:খের অন্ত নেই। পরে তিনি আমাকে একটি আধুনিক সী ট্রাক ও দুই পাড়ে ফেরীঘাটকে উন্নত করে ওঠানামার সুব্যবস্থার আশ্বাস দিয়েছেন।

ভিডিও কলে জলাবদ্ধতা নিরসনে তদারকি করলেন সিডিএ চেয়ারম্যান

এদিকে শনিবার সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে বন্দরনগরীতে৷ রোববারও রাতভর মুষুলধারে বৃষ্টি হয় নগরে। গতকাল রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকসহ একাধিক সরকারি গুরুত্বপূর্ণ কাজে ঢাকা থাকায় সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন নগরের জলাবদ্ধতা নিরসনে জোর তদারকি করেন। এদিন তিনি মুঠোফোনে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক আহমেদ মঈনুদ্দিন, সেনাবাহিনীর কর্মকর্তাসহ সবার সাথে ভিডিও কলে যুক্ত হয়ে নালা নর্দমা পরিস্কার, জলমগ্ন হওয়ার আশঙ্কায় থাকা নিচু এলাকাগুলো পরিদর্শনে যেতে বলেন৷ একইসাথে তিনি ভিডিও কলে সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ও জলাবদ্ধতা হচ্ছে কিনা খোঁজ নেন৷

সিডিএ সূত্র জানায়, যোগদানের পর থেকে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্প সরজমিনে পরিদর্শন করে অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন। বর্তমানে তার অব্যাহত পরিদর্শনে প্রকল্পগুলোর কাজের গতি অনেক গুন বেড়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.