ট্রেন দূর্ঘটনায় চট্টগ্রামের ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু

তার বাড়ি সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নে-

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

চট্টগ্রাম নগরের ষোলশহরে ট্রেনে উঠতে গিয়ে এক সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। তবে তার পকেট থেকে ট্রেনের কোনো টিকিট পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ষোলশহর রেলস্টেশনে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেন থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম ফখরুদ্দীন বাবলু (৬০)। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

তিনি সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তবে বর্তমানে নগরীর চকবাজার হাজী মকবুল সওদাগর লেনে তার বসবাস করতেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফখরুদ্দীন মুঠোফোনে কথা বলতে বলতে ট্রেনে উঠতে যাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি ছিটকে পড়ে গেলে ট্রেনে কাটা পড়েন।

তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ওসি সুজন দে জানান, তিনি ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার পকেটে কোনো টিকিট ছিল না। ষোলশহর স্টেশনে পর্যটক ট্রেন থামে না। তিনি চলন্ত ট্রেনে উঠতে যাচ্ছিলেন।

নিহতের পরিবার জানিয়েছে, ষোলশহর রেলস্টেশনে উঠতে গিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে তিনি। আজ (বৃহস্পতিবার) রাত ১০টায় কাঞ্চনায় স্থানীয় মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করার কথা রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.