পটিয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে একব্যক্তি গুরুতর আহত

 

​পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি (৫০) গুরুতর আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে পটিয়া রেল স্টেশনের অদূরে আমিরভান্ডার লেভেল ক্রসিং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

​স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, রবিবার রাতে পটিয়া স্টেশন হয়ে প্রবাল এক্সপ্রেস, সৈকত এক্সপ্রেস ও একটি তেলবাহী ট্রেন চলাচল করে। এছাড়া সোমবার সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি পটিয়া অতিক্রম করে। ধারণা করা হচ্ছে, রাতে কিংবা ভোরে চলাচলকারী এসব চলন্ত ট্রেনের কোনো একটি থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে আহত হয়েছে।

সোমবার ​সকাল থেকে দুর্ঘটনাস্থলে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে রক্তাক্ত পড়ে থাকতে দেখলেও দীর্ঘক্ষণ কেউ তাকে উদ্ধারে এগিয়ে আসেনি। সকাল ১০টার দিকে পটিয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ইউনুচ বিষয়টি সম্পর্কে অবগত হন এবং স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধারের উদ্যোগ নেন। উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ইউনুচ জানান, “আমিরভান্ডার লেভেল ক্রসিং এলাকায় রক্তাক্ত এক ব্যক্তি পড়ে থাকার খবর পেয়েই আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। তবে তিনি কোনো চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে গেছেন নাকি ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।”

পটিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার লিটন চৌধুরী জানান, ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.