পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইমন ওই এলাকার মো. ইয়াকুবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কাগজীপাড়া এলাকায় পিডিবির একটি বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিঁড়ে পড়ে ছিল। ওই সময় অসাবধানতাবশত ইমন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
যুবদল নেতা মামুনুর রশীদ জানান, বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিঁড়ে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে পিডিবি কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। বিদ্যুৎ সংযোগ চালু থাকা অবস্থায় স্পর্শ করায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় পিডিবির কর্মচারীরা উপস্থিত থাকলেও সঠিক সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: হালিমা জানান, বিদ্যুৎপৃষ্টে যুবককে হাসপাতালে নিয়ে আসার আগেই ওই মৃত্যু হয়েছে।
পটিয়া পিডিবির নির্বাহী প্রকৌশহী মো: রেজাউন্নবী জানান, পিডিবি কর্তৃপক্ষকে কোন ধরনের না জানিয়ে গাছের ডালপালা কাটার কারণে বিদ্যুতের একটি তার ছিঁড়ে যায়। ঘটনার পর পরেই পিডিবির লোকজন তাৎক্ষণিক ছুটে গেলে ইমন নামের এক যুবক সচল লাইনে হাত দেন। এ কারণে বিদ্যুৎপৃষ্টে মারা গেছে।
তবে নিহত ইমনের প্রতিবেশী মো: মহিউদ্দিন অভিযোগ করেছেন, বিদ্যুৎ লাইন ছিঁড়ে যাওয়ার পর তাৎক্ষণিক পিডিবি কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়নি।