অবৈধ জোত পারমিট স্পেশালিস্ট এখন জয়ন্ত কুমার রায়, হাতি দিয়ে চালাচ্ছে গাছ পাচার
বান্দরবান বন বিভাগের টংকাবতী রেঞ্জের-
রুকন উদদীন রুবেল, চট্টগ্রাম থেকে
বান্দরবান বন বিভাগের কতিপয় রেঞ্জ অফিসার সংরক্ষিত বনাঞ্চলের গাছ পাচার, বনভূমি অবৈধ দখল ও বন্যপ্রানী পাচার ও জীববৈচিত্র ধংসের সহিত জড়িত। তার মধ্যে এখন সময়ের আলোচিত নাম হচ্ছে ফরেস্টার জয়ন্ত কুমার রায়। বান্দরবান বন বিভাগে ডেপুটি রেঞ্জার থাকা সত্বেও জোড়ালো তদবীরের মাধ্যমে টংকাবতী রেঞ্জের রেঞ্জ অফিসারের দায়িত্ব বাগিয়ে নেন। দায়িত্ব গ্রহনের পর হতেই তিনি নানাবিধ অবৈধ কার্যকলাপের সহিত জড়িয়ে পড়েন। এরমধ্যে তিনি শুরু করেছেন হাতি দিয়ে বনাঞ্চল হতে গাছ পরিবহনের লাইনের অভিনব কাজ।
অনুসন্ধানে জানা যায়, টংকাবতী রেঞ্জের চিনিপাড়া, রঙ্গিনমুখ, রঙ্গি খাল, ফুলতলা এলাকায় মহরম, রহিম কম্পানি, কালু মেম্বার, জয়নাল, মহরমের ভাই এর মোট ৬ টি হাতি অবস্থান করে। হাতিগুলো দিয়ে সংরক্ষিত বনাঞ্চল, পাড়াবন থেকে অবৈধভাবে দিনে রাতে গর্জন, চম্পা, বৈলাম, জারুল, শিউরী, গোদা, গুটগুটিয়া গাছ কেটে হাতি দিয়ে টেনে রাস্তা পর্যন্ত নিয়ে এসে ড্রেসিং করে রাতের আধারে টিএস, ডাম্পার ও জীপ গাড়ী দিয়ে কেরানীহাট, লোহাগাড়া ও চট্টগ্রামে পাচার হয়। টংকাবতী রেঞ্জ অফিসার জয়ন্ত কুমার রায়, ফরেস্টার প্রতিটি হাতির জন্য ১ লক্ষ টাকা ও প্রতি গাড়ী প্রতি ১০ হাজার টাকা ধার্য করেন এবং এই অবৈধ অর্থ হাতিয়ে নেন।
অধিকতর তদন্তে উঠে এসেছে, বান্দরবান বন বিভাগের কয়েকটি রেঞ্জের রেঞ্জ অফিসার তাদের ধ্যান ধারণাকে বন রক্ষার চেয়ে বনকে পুঁজি করে ব্যবসায় রুপান্তর করেছেন। তেমনি একজন রেঞ্জ অফিসার ছিলেন ফরেস্টার জয়ন্ত কুমার রায়। জয়ন্ত কুমার রায়ের দূর্নীতিরর ব্যবসায়িক পার্টনার ছিলেন অফিস সহকারী সুশান্ত কুমার সরকার। খেয়াচ্যলং রেঞ্জে ৩১৭ নং ক্যাচলং মৌজা ও ৩৪৯ নং ঘেরাউ মৌজা, হোল্ডিং সংখ্যাও তেমন নেই। তাহলে জয়ন্ত কুমার রায় ১ বছরে ৩৮ টি জোত কেমন করে করে?
সূত্র নিশ্চিত করেছেন, জয়ন্ত কুমার ফরেস্টার খেয়াচ্যলং রেঞ্জের দায়িত্ব নেয়ার আগেই তো ২ মৌজার হোল্ডিং এ জোত ইস্যূ শেষ হয়ে গেছে। এখানেই রেঞ্জ অফিসার জয়ন্ত কুমার, ফরেস্টার ও অফিস সহকারী সুশান্ত কুমার সরকার এর ভেলকিবাজি। দুজনে মিলে বান্দরবান শহরে বসে কৃত্রিম হোল্ডিং তৈরী ও একই হোল্ডিং বারংবার ব্যবহার করে এসিল্যান্ড অফিস ও ডিসি অফিসে মোটা অংকের টাকার বিনিময়ে ভূয়া এ-ফরম বের করেন। এ তো গেল কাগজের ভেলকিবাজি, জয়ন্ত কুমার জোতভূমিতে না গিয়ে বান্দরবান শহরে বসেই খাঁড়া মার্কা ও পাশ মার্কা তৈরী করতেন। সূত্র বলেন,শুধু এর বিনিময়েই ১ বছরেই রেঞ্জ অফিসার জয়ন্ত কুমার রায়, ফরেস্টার ২ কোটি টাকা মাসোয়ারা নিয়েছেন। এছাড়াও খেয়াচলং রেঞ্জ হতে অবৈধ সেগুন, গামার, চম্পা, বৈলাম, গোদা, গুটগুটিয়া গোল ও রদ্দা কাঠ পাচার করে ১ বছরেই আরও ৫০ লক্ষ চাঁদা ঘরে তুলেছেন।
অনুসন্ধানে আরও জানা যায়, জয়ন্ত কুমার রায়, ফরেস্টার তার এই দূর্নীতি, কূকীর্তি ঢাকতেই তড়িঘড়ি করে বছর শেষ হতেই টংকাবতী রেঞ্জে পোস্টিং নিয়ে ঘাপটি মেরে থাকেন। কিন্তু যার রক্তে দূর্নীতি ঢুকে গেছে, যার রক্ত টাকার গন্ধ চিনে গেছে তিনি তো ঘাপটি মেরে থাকতে পারেন না। কিছুদিন যেতে না যেতেই আবার নাটকের গল্পে অফিস সহকারী সুশান্ত কুমার সরকার এর আগমন। জয়ন্ত কুমার রায়, ফরেস্টার এই সুশান্ত কুমার সরকারকে ৫ লক্ষ টাকা মাসোয়ারা দিয়ে আবারো নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে বান্দরবান সদর রেঞ্জের সহযোগী কর্মকর্তার পদ বাগিয়ে নেন। টংকাবতী রেঞ্জ হতে বান্দরবান সদর রেঞ্জের দূরত্ব ৫০.০ কি.মি.। টংকাবতী রেঞ্জ তো নামকোওয়াস্তে তিনি বান্দরবান শহরে বসে বসে টি.পির গাড়ী লোডিং দেন। প্রতি টি.পির গাড়ীতে কর্তন নিষিদ্ধ চম্পা, গর্জন, গোদা, গুটগুটিয়া, শিউরী রদ্ধা পাচারে সহযোগিতা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। জয়ন্ত কুমার এর লোডিংকৃত গাড়ী পুনরায় চেকিং করলেই এর সত্যতা মিলবে।
বনবিভাগ সূত্রে জানা যায় জয়ন্ত কুমার রায়, ফরেস্টার বান্দরবান বন বিভাগের বিশেষ টহল টিমেরও সহকারী দলনেতা। তিনি বিশেষ টহল টিমের প্রভাব খাটিয়ে বান্দরবান শহর থেকে অবৈধ কাঠের গাড়ীর লাইন দিয়ে গত ১ বছর থেকে প্রায় ১ কোটি টাকা চাঁদা আদায় করেছেন।
রোয়াংছড়ি উপজেলার খেয়াচলং রেঞ্জের পরিবেশবাদী সংগঠনের দাবি এই অঞ্চলের নিরিহ, গরিব আদিবাসীদের নামে ভূয়া হোল্ডিং তৈরী ও একই হোল্ডিং বারবার ব্যবহার করে ফরেস্টার জয়ন্ত কুমার রায় সরকারী বৈধ কাজের আড়ালে অনিয়ম, দূর্নিতির ও অবৈধ কাজ করে গরীব জনগনকে ঠকিয়েছেন এবং নিজে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছেন। তার রেঞ্জে জোত পারমিট এর সুষ্ঠ তদন্ত করে তাকে বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন স্থানীয় জনগন।
এদিকে জয়ন্ত কুমার রায় ও সুশান্ত কুমার সরকারকে কল করা হলে ফোনে সংযোগ পাওয়া যায়নি,ফলে দুজনের বক্তব্য নেয়া হয়নি।