এলাকার সবার কাছে তিনি ‘সাব্বির ভাই’। সহযোগীদের কাছে তার পরিচয় ‘বড় ভাই’ হিসেবে। শিশু থেকে বৃদ্ধ তার ভয়ে ভীত থাকেন। তার প্রশ্রয়ে এলাকার উঠতি বয়সী বখাটেরাও বেপরোয়া। নতুন কোনো আগন্তুক এলে মারধর করে, ছিনিয়ে নেয় মুঠোফোন। নগ্ন ছবি তুলে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। ভয়ে প্রতিবাদ করেন না কেউ। অবশেষে এক অভিযোগের ভিত্তিতে কথিত বড় ভাই সাব্বির আহাম্মদকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি ফিরে আসে। উচ্ছ্বাস প্রকাশ করেছেন এলাকার লোকজন।
গতকাল সোমবার নগরের ডবলমুরিং থানার পানওয়ালাপাড়া সবুজবাগ লেনের নিরিবিলি ভবন গলি এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। সে পানওয়ালাপাড়ার লেদু বাবুর্চি বাড়ির বাসিন্দা। গ্রেপ্তার অন্যজন হলো তার সহযোগী রাকিব উদ্দিন। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি ছোরা, দুটি মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, সাব্বির সবুজবাগ এলাকার ত্রাস। কিছুদিন আগে রাকিব নামের এক ব্যক্তিকে ছোরা দেখিয়ে দুটি মোবাইল ও মানিব্যাগে থাকা ৫০০ টাকা ছিনিয়ে নেয় সে। রাকিব বাধা দিলে তাকে ছুরিকাঘাতে আহত করে। অভিযোগ পাওয়ার পর পুলিশ সাব্বিরকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে।