চট্টগ্রামের কোতোয়ালী থানার পুরাতন ফিশারিঘাট এলাকা থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ির মৃত আবদুর রহমানের ছেলে আব্দুল কাদের প্রকাশ ডাইল কাদের, পাঁচলাইশ থানার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দ মো. নওশেদের ছেলে মো. নিশান (৩০) ও কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মৃত ফজলুল হকের ছেলে মো. নিশান (২৬)।
সোমবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৫টায় তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই নগরীর চামড়াগুদাম এলাকা থেকে পিকআপে করে মাদক নিয়ে শাহ আমানত ব্রিজের দিকে যাচ্ছে কিছু লোক। এমন তথ্যের ভিত্তিতে পুরাতন ফিশারিঘাট এলাকায় ভোর সাড়ে ৫টায় একটি পিকআপকে থামার সংকেত দিলে গাড়িটি পালানোর চেষ্টা করে। পালানোর সময় ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় গাড়ির ড্রাইভার ও অপর একজন পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, চৌদ্দ বছর বয়স থেকে রেলস্টেশনে ঘুমাত কাদের। বরিশাল কলোনীর মাদক স্পটের নিয়ন্ত্রক ডন ফারুকের বরিশাল কলোনীর মাদক ক্রয় বিক্রয়ের সাথে সে জড়িত। এক পর্যায়ে ফারুকের স্পটে ফেনসিডিলের ক্রয় বিক্রয়ের দায়িত্বে থাকা কাদের পরিচিতি লাভ করে ডাইল কাদের হিসেবে। পুলিশ ও র্যাবের বিভিন্ন অভিযানে একাধিকবার গ্রেপ্তার হওয়ার পরেও জামিনে বের হয়ে সেই কাদের পুনরায় ফেনসিডিল (ডাইল) ব্যবসায় জড়িয়ে পড়ে। কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে ফেনসিডিল বিক্রয়ে তার কমিশন এজেন্ট আছে বলে জানায় কাদের। সে জানায় বর্তমানে ইয়াবার চাইতেও ফেনসিডিলে লাভ বেশি।
তিনি আরো জানান, গ্রেপ্তারদের মধ্যে ডাইল কাদেরের বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।