নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরেক রোগী শনাক্ত হয়েছে। ৬ আগস্ট ৪৮ বছর বয়স্ক ওই পুরুষ রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। পেশায় পরিবহন ব্যবসায়ী এই রোগীর শরীরে ৫ আগস্ট ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর চট্টগ্রাম সংবাদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত তিনি চট্টগ্রামের দ্বিতীয় রোগী। তার বাড়ি দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। চমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তিনি ভর্তি আছেন।
এস এম হুমায়ুন কবীর বলেন, ‘সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি বোর্ড মিটিংয়ে বসছি আমরা। মিটিংয়ে তার চিকিৎসার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এরপএ চিকিৎসা শুরু হবে।’
হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সুযত পাল জানান, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত এই ব্যাক্তি দুই ডোজ করোনার টিকা নিয়েছেন। তাঁর শরীরে ব্যথা রয়েছে।তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এর আগে গত ২৮ জুলাই চমেক হাসপাতালে চট্টগ্রামে প্রথম এক নারী রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। তাঁর বাড়ি পটিয়ায়। এ নিয়ে দুজনের শরীরে রোগটি ধরা পড়ল।
এ রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় সরকারসহ সংশ্লিষ্টদের বিষয়টি ভাবাচ্ছে। আজ সোমবার চমেক হাসপাতালে চিকিৎসাধীন প্রথম রোগীর অপারেশন হওয়ার কথা রয়েছে।