নিজস্ব প্রতিবেদক:
একজন বিসিএস ক্যাডার অফিসার কোনো অনৈতিক সম্পর্কে জড়াবেন সেটি মোটেও কাম্য নয় বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। ডিবি সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনের বাসায় পরীমণির যাতায়াতের বিষয়ে আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন। তিনি বলেন, ‘১৮ বছরের ওপরে যে কেউ যে কারও সঙ্গে সম্পর্কে জড়াতেই পারে। এটা কোনো অপরাধ না। তবে পুলিশের ক্ষেত্রে অনৈতিক সম্পর্কে জড়ানো শৃঙ্খলা ও চাকরি বিধি ভঙ্গ। অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয় না। তবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।’ কমিশনার বলেন, একজন বিসিএস ক্যাডার অফিসার এ রকম একটি অনৈতিক সম্পর্কে জড়াবেন সেটি মোটেও কাম্য নয়। যদি অভিযোগ প্রমাণিত হয় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, পরীমণির প্রথম ঘটনার পরে আমরা একটু নড়েচড়ে বসলাম আসলে আন্ডারওয়ার্ল্ডে আসলে কি হচ্ছে? তখন দেখলাম, এ ধরনের অনৈতিক কাজ হচ্ছে। তখন আমরা অভিযানে গেলাম। এই ধরনের কার্যকলাপ চলতে থাকলে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযান চালাতে থাকবো।
তবে একটা জিনিস স্বীকার করতে হবে বাংলাদেশের আইনে এটি অত্যন্ত ছোট একটি অপরাধ। আমরা যেভাবে সামাজিক অবক্ষয় বলছি বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বড় অপরাধ হিসেবে দেখছি। দেশের বিদ্যমান আইন হিসেবে সেটা ছোট। ডিএমপি কমিশনার বলেন, ধরেন আমি একটি অভিযানে গিয়ে কোন সম্মানিত ব্যক্তিকে বা মডেলকে হাতেনাতে আপত্তিকর অবস্থায় পেলাম। পুলিশ কি করতে পারে, ২৯০ প্রসিকিউশনে ১০০ টাকা জরিমানা করতে পারে। এর বাইরে কিছু করার নাই। আর যদি হাতেনাতে না ধরতে না পারেন তাহলে কোন ব্যবস্থা নেওয়ারই সুযোগ নেই।