জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গরিব ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। পাশাপাশি ছিন্নমূল মানুষদেরও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
এ সময় ১ হাজার ৮৪৩ জন দরিদ্র ও অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রত্যেকের হাতে তুলে দেয়া হয় ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও ১ কেজি তেল। আর রান্না করা খাবার বিতরণ করা হয় ১ হাজার ছিন্নমূল মানুষের মাঝে।
শোক দিবসের আয়োজনে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান (এনডিসি)। বিশেষ অতিথি ছিলেন মো. মিজানুর রহমান ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়াও সিপিপি, তৃণমূল নাট্যদল, বেকার যুব ফাউন্ডেশন, সার্ক মানবাধিকার সংস্থা ও রেড ক্রিসেন্ট ভলান্টিয়ার হিসেবে জেলা প্রশাসনকে সহায়তা করে।