দিনে চালায় অটো, রাতে করে ছিনতাই-ডাকাতি!

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ আগস্ট) ভোরে থানার আগ্রাবাদ নালাপাড়া গলির মুখ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন মো. জামাল ওরফে বুস্টার জামাল (৩৫), মো. তুফান (২৫), মো. আরিফ হোসেন (২৫), মো. লিটন প্রকাশ সুমন (৩৫), মো. আনোয়ার হোসেন (৩০) ও মো. হানিফ (৩২)।

এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি ছোরা, একটি কাটার, একটি প্লাস, একটি রেঞ্চ ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে জামালের বিরুদ্ধে পাঁচটি, তুফানের বিরুদ্ধে তিনটি, লিটনের বিরুদ্ধে পাঁচটি, আনোয়ারের বিরুদ্ধে তিনটি এবং হানিফের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। জামাল চট্টগ্রামের অন্যতম শীর্ষ ছিনতাইকারী। তার গ্রুপ ‘বুস্টার গ্রুপ’ নামে পরিচিত। তার গ্রুপের সবাই অন্য পেশার ফাঁকে ছিনতাই, ডাকাতি ও চুরি করে।

তাদের কেউ রিকশাচালক এবং কেউ অটোরিকশাচালক। তারা দিনভর গাড়ি চালান এবং রাতে-ভোরের দিকে ছিনতাই, চুরি-ডাকাতি করেন। তারা গ্রিল কেটে দোকানও ডাকাতি করেন। বুধবার সকালে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।’

মন্তব্য করুন

Your email address will not be published.