কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফ ‍উপজেলার রোহিঙ্গা শিবির থেকে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। মূলত তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এপিবিএনের তৎপরতা দেখে পালিয়েছে আরও ১২ রোহিঙ্গা। আটকরা হলেন, জাদিমোড়া ক্যাম্পের সি-ব্লকের মোহাম্মদ খলিলের ছেলে সৈয়দ নুর (২৮), মৃত বদি আলমের ছেলে নুর বশর প্রকাশ জাহাঙ্গীর (২২), মৃত নুর আহমদের ছেলে আবু বক্কর ছিদ্দিক (৩২), মোহাম্মদ জাকারিয়ার ছেলে মোহাম্মদ সাকের (২৭) ও দিল মোহাম্মদের ছেলে আবু তালেব (৩০)।

শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে টেকনাফের ২৬ নং জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতে ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। এমন খবরে অভিযান পরিচালনা করে এ ৫ জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে আরও ১২ ডাকাত পালিয়ে যাওয়ার তথ্য মিলেছে। সে অনুযায়ী ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.