ছয় দিন ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

বঙ্গোপসাগরে কক্সবাজার থেকে ৮০ কিলোমিটার দূরে ছয় দিন ধরে ভাসমান অবস্থায় থাকা একটি বিকল ফিশিং বোট থেকে ১৭ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শুক্রবার (১২ নভেম্বর) বিকেল তিনটায় এসব জেলেকে কুতুবদিয়ায় বোটের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে নৌবাহিনীর জাহাজ ‘অনুসন্ধান’ খাজা আজমির নামের ওই ফিশিং বোটটি জেলেদেরসহ উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা হলেন- মোবারক আলী, আবু সাঈদ, ইসমাইল, রবিউল হান্নান, মোহাম্মদুল্লাহ, রবিউল হোসাইন, রেজাউল করিম, মো. আয়েছ, নূরুল আলম, নূরুল আজগার, মো. হান্নান, আ. খালেক, আদম বাদশা, মবিনুল ইসলাম, মো. মামুন, মো. জকির ও নুরুল মোস্তফা। তারা কুতুবদিয়া এলাকার বাসিন্দা।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর ১৭ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরতে সাগরে যায়। একপর্যায়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ভাসমান অবস্থায় ৬ দিন সাগরে অবস্থান করে তারা। পরে টহলকাজে নিয়োজিত নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান জেলেদের উদ্ধার করে।

জাহাজের নৌসদস্যরা উদ্ধার হওয়া জেলেদের জরুরিভিত্তিতে প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.