মো. সেলিম উদ্দিন খাঁন
“বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের রেইচা ও গোয়ালিয়াখোলা এলাকায় নির্বিচারে গাছ কাটা চলছে। পাহাড়ের বনাঞ্চল উজাড় করে অবৈধভাবে এসব মূল্যবান কাঠ পাচার করা হচ্ছে বিভিন্ন স্থানে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ডের নেপথ্যে সরাসরি নেতৃত্ব ও মদদ দিচ্ছেন স্থানীয় বিএনপি নেতা সরওয়ার জামাল।
“প্রকৃতির নীরব কান্না যেন থামছেই না। স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে, এমনকি প্রকাশ্য দিবালোকেও পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চল থেকে নির্বিচারে বাঁশ ও মূল্যবান সেগুন গাছ কেটে পাচার করছে। রেইচা ও গোয়ালিয়াখোলার সংবেদনশীল পাহাড়ি ঢাল এবং ঝিরি-সংলগ্ন এলাকা থেকে গাছ উজাড় হওয়ায় ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। সেই সাথে বাড়ছে ভয়াবহ ভূমিধস ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা।”
স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা সরওয়ার জামালের রাজনৈতিক প্রভাবের কারণেই বন বিভাগ ও প্রশাসন কার্যত নির্বিকার। এই সুযোগে চক্রটি পাহাড়ের ভারসাম্য নষ্ট করে অবৈধভাবে কাঠ পাচারের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা।
ক্ষুব্ধ এলাকাবাসীর আশঙ্কা, নির্বিচারে পাহাড় ও গাছ কাটা অব্যাহত থাকলে অচিরেই মরুভূমিতে পরিণত হবে এই জনপদ। বাড়বে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও। তাই পরিবেশ রক্ষায় দ্রুত প্রশাসনের কঠোর ও দৃশ্যমান হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
এ বিষয়ে সচেতন মহলের দাবি, অবিলম্বে এই অবৈধ গাছ কাটা ও পাচার চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় বন বিভাগ এবং স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বিএনপি নেতা সরওয়ার জামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি একাধিকবার ফোন কল রিসিভ করেননি এবং এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।