চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়ায় ভোটকেন্দ্রের বাইরে ধারালো অস্ত্রের আঘাতে মো. তাসিব (১৩) হত্যার ঘটনায় শাহরিয়ার সাদেক নিলয় নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সিএমপি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নিলয়ের বাড়ি ফেনীর ফুলগাজীর বিজয় নগর এলাকায়। তবে থাকতো চট্টগ্রামের নন্দন কানন ৩ নম্বর গলি এলাকার একটি ভাড়া বাসায়। তার বাবার নাম মো. আবু সাদেক।
শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল। তিনি জানান, নির্বাচনী সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এরআগে গত সোমবার নির্বাচনের দিন বেলা ১১টার দিকে নলুয়া ইউনিয়নে বাড়ির কাছের বোর্ড অফিস ভোট কেন্দ্রের পাশে দাঁড়িয়ে ভোটার আসা-যাওয়া দেখছিল সপ্তম শ্রেণির ছাত্র মো. তাসিব। তখন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) মো. লেয়াকত আলী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর (আনারস প্রতীক) কর্মী-সমর্থকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের কর্মী মনে করে কিরিচ দিয়ে গলায় ও মাথায় কোপ দেয়। পরে স্থানীয় লোকজন তাসিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বুধবার তাসিবের বাবা মো. জসিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা করেন