ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের নবঘোষিত উপজেলা ঈদগাঁওর দুই শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোন শহীদ মিনার। প্রতিবছর অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে ঐ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ২১শে ফেব্রুয়ারি মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছেন। এতে করে শিক্ষার্থীরা জানতে পারছেনা ভাষার সঠিক তাৎপর্য, জানাতে পারছেনা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।
শহীদ মিনার না থাকায় চাপাক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থীসহ অভিভাবক মহলের মাঝে। এই বিষয়ে উর্ধ্বতন কর্তপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন লোকজন।
খোঁজখবর নিয়ে জানা যায়, নবগঠিত উপজেলার ঐতিহ্যবাহী উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ রশিদ আহমদ কলেজ এবং উপকূলীয় পোকখালী ইউনিয়নের গোমাতলী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘকাল ধরে নেই শহীদ মিনার। এসব শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার না থাকায় প্রতিবছর আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনে বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদেরকে।
সচেতন মহল জানান, ভবিষ্যৎ প্রজন্ম ভাষা শহীদের ইতিহাস ও সম্মান জানাতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ দরকার।
সরকারের কাছে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবীও জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে শহীদ মিনার না থাকার কথা স্বীকার করেন।
অন্যদিকে বৃহত্তর ঈদগাঁওর উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রসিদ আহমদ কলেজের কজন শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নাই বলেও জানায়।
কলেজের হিসাব রক্ষক শাহ আলম কলেজে শহীদ মিনার নাই, একটি মঞ্চ আছে বলেও জানালেন।