প্রকল্পের টাকা আত্মসাৎ : চিকিৎসকসহ ৩ জনের কারাদণ্ড

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রাণিসম্পদ অধিদফতরের ছাগল উন্নয়ন প্রকল্পের শেড তৈরি, ইলেকট্রিক্যাল কাজ ও সীমানাপ্রাচীর তৈরির কাজসহ বিভিন্ন কাজে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতে দুদকের মামলায় চিকিৎসক, প্রকল্প কর্মকর্তাসহ ৩ জনকে ১ বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ছাগল উন্নয়ন কর্মসূচির প্রকল্প কর্মকর্তা মোস্তফা কামাল, প্রাণিসম্পদ অধিদফতরের সাবেক সহকারী পরিচালক মো. আলী আকবর ও ছাগল উন্নয়ন কর্মসূচির তৎকালীন ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডা. আলেক মণ্ডল।

আদালত সূত্রে জানা যায়, তিনজনই পরস্পর যোগসাজশে হাটহাজারী থানার পশুসম্পদ অধিদফতরের ছাগল উন্নয়ন প্রকল্পে ২০০৬ সালে শেড তৈরি, ইলেকট্রিক্যাল কাজ ও সীমানাপ্রাচীরসহ বিভিন্ন কাজে অনিয়মের মাধ্যমে প্রায় ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। দুর্নীতির অভিযোগে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি করে।

দুদকের আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী বলেন, দণ্ডবিধির ৪০৯ ধারায় তিনজনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে প্রত্যেকের ৩ মাসের সাজা দিয়েছেন। দণ্ডবিধির ৪৭৭ (ক) ধারায় তিনজনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সব কারাদণ্ড একসঙ্গে চলবে। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত থাকলেও পরে জামিন আবেদন করলে তাদের জামিন মঞ্জুর করেন আদালত।

মন্তব্য করুন

Your email address will not be published.