চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার মাদক মামলায় মুহাম্মদ বেলাল হোসেন (৪৯) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১ জুন) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
যাবজ্জীবন কারাদণ্ড আসামি হলেন- লোহাগাড়া থানার বড়হাতিয়া ইউনিয়নের মৃত কবির আহম্মেদের ছেলে মুহাম্মদ বেলাল হোসেন (৪৯)।
যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১০ নভেম্বর নগরের কোতোয়ালী থানার আলকরন তিন নম্বর গলি হাসনাত মঞ্জিল বিল্ডিংয়ের ৪র্থ তলার মুহাম্মদ বেলাল হোসেনের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পাঁচলাইশ সার্কেল। এ সময় মুহাম্মদ বেলাল হোসেনের বাসা থেকে ১৮ হাজার ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। আদালতে ৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবু জাফর বলেন, মাদকের মামলায় মুহাম্মদ বেলাল হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছে।