বিদ্যুৎ বিল বকেয়া থাকলে নিজের লাইনও কেটে দিতে বললেন প্রধানমন্ত্রী

 

আমার কাছেও বিদ্যুৎ বিল বকেয়া থাকলে লাইন কেটে দিন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন, “বকেয়া আদায়ে আগে নোটিশ দিন। এরপরও আদায় না হলে লাইন কেটে দিন। আমার কাছেও বিল বকেয়া থাকলে একই ব্যবস্থা নিন। লাইন কেটে দিন। সরকারি-বেসরকারি অফিসের হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে আছে। বিল আদায় করতে হবে।”

বৈঠকে রাজশাহী এবং রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় স্মার্ট মিটার স্থাপন প্রকল্প প্রসঙ্গে এসব কথা বলেন সরকার প্রধান।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা এবং একনেকের অন্যান্য বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

একনেক সভাপতি হিসেবে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই বছরেরও বেশি সময় পর বুধবার একনেক বৈঠকে সরাসরি উপস্থিত হন প্রধানমন্ত্রী। দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে এতদিন গণভবন থেকে ভার্চুয়ালি একনেক বৈঠকে সংযুক্ত থাকতেন প্রধানমন্ত্রী। বৈঠকে ৯টি প্রকল্প অনুমোদন করা হয়। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৬৬৫ কোটি টাকা।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.