আ. লীগের সদস্যপদ সংগ্রহ করলেন জিয়াউদ্দিনসহ দুই স্বেচ্ছাসেবকলীগ নেতা

মহানগর স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ পদে থাকা তিন নেতা যুক্ত হয়েছেন নগর আওয়ামী লীগের রাজনীতিতে। আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নগর আওয়ামী লীগের সমাবেশে এই তিন নেতা মূল দলের প্রাথমিক সদস্যপদের ফর্ম গ্রহণ করেন।

তারা হলেন- মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান ও যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন। সভার সভাপতি, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর কাছ থেকে সদস্যপদের ফরম গ্রহণ করেন সাবেক এই তিন নেতা।

এ প্রসঙ্গে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘দীর্ঘদিন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়কের দায়িত্ব সফলভাবে পালন করে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নিয়েছেন তারা। আজ তারা আনুষ্ঠানিকভাবে নগর আওয়ামী লীগে যোগদান করেছেন। তাদেরকে দলের প্রাথমিক সদস্য করা হয়েছে।’

উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ—সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল কুমার সরকার, অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী, বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক জালাল উদ্দিন ইকবাল।

মন্তব্য করুন

Your email address will not be published.