টেকনাফে ২ যুবককে অপহরণ, ১১ লাখ টাকা মুক্তিপণ দাবি করল রোহিঙ্গা সন্ত্রাসী চক্র

কক্সবাজারের টেকনাফ শামলাপুলে বসত ঘরের দরজা ভেঙ্গে দুই যুবককে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসী চক্র। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এই অপহরণের ঘটনা ঘটলেও আজ শনিবার দুপুর পর্যন্ত ওই দুই যুবককের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে এরই মধ্যে চক্রটি অপহৃত দুই যুবকের পরিবার ও স্বজনদের কাছে মুঠোফোনে কল করে ১১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

অপহৃতরা হলো— টেকনাফ উপজেলা শামলাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াহালী পাড়ার মোহাম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ মুবিনুল (২৫) এবং মোহাম্মদ ইসমাঈলের ছেলে মোহাম্মদ নূর (২০)।

অপহৃত যুবক মোহাম্মদ মুমিনুলের পিতা ইলিয়াস বলেন, ‘গতকাল (শুক্রবার) রাত ১১টার দিকে আমার ঘরে কিছু মানুষ আসে। প্রথমে দরজা খুলতে বলেন। এরপর আমার ছেলেকে ডাকে এবং কিছু কথা আছে বলে আমার ঘরের কিছু দূরে নিয়ে যায়। আমি এলাকার মানুষ ডাকলে তারা পাহাড়ের দিকে চলে যায়। কিছুক্ষণ পর তারা খবর দেন ১০ লাখ টাকা দিলে আমার ছেলেকে জীবিত ফিরিয়ে দিবে। আমি যদি এ ঘটনা পুলিশ-র‌্যাবকে জানায় তাহলে আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয় তারা।’

শামলাপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইলিয়াস বলেন, ‘শুক্রবার রাত ১১টার দিকে রোহিঙ্গা সন্ত্রাসীদের আরেকটি গ্রুপ মোহাম্মদ নূরকে পথ থেকে তুলে নিয়ে যায়। তার পরিবারের কাছেও চাঁদা চাওয়া হচ্ছে। অপহরণ হওয়া দুইজনের এখনও পর্যন্ত কোন খোঁজ মেলেনি। শুধু এরা দুইজন নয়; এর আগেও ২০-২৫ জনকে অপহরণ করেছে এই রোহিঙ্গা সন্ত্রাসী। র‌্যাব, পুলিশ রোহিঙ্গা সন্ত্রাসী আলিয়াকিনের বিরুদ্ধে অভিযান শুরু করে তখন তারা শামলাপুর নোয়াহালী বনের মাঝখানে অবস্থান করে। কয়েকজন স্থানীয় বাংলাদেশিদের নিয়ে এই রোহিঙ্গা চক্রটি সক্রিয় হয়ে ওঠে। একদিন পরপর অপহরণ করে নিয়ে যায়। তাদের অপহরণ কোনভাবেই থামছে না। এই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অনেকবার বলেছি; তারপরও কোনো প্রতিকার পাচ্ছি না। এলাকার মানুষ খুব আতঙ্কে আছেন।’

টেকনাফ শামলাপুর ফাঁড়ির উপ-পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ‘স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে যায়। অপহৃতদের সঠিক তথ্য দিতে না পারায় আমরা ব্যবস্থা নিতে পারছি না।’

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান থেকে জানতে চাইলে তিনি জানান, অপহরণের কোন খবর আমাদের কাছে আসেনি। এছাড়া কোন অভিযোগও পাননি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

মন্তব্য করুন

Your email address will not be published.