ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে ফাইনালে ওঠার আশা এক প্রকার শেষই হয়ে গেলো বাংলাদেশের জন্য।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ফিরলেন ঠিকই। কিন্তু ত্রিদেশীয় সিরিজে কাঙ্ক্ষিত জয়ের দেখা মিললো না। প্রথম ম্যাচ হারের পর স্বাগতিক নিউজিল্যান্ডের কাছেও ৮ উইকেটে হেরেছে। তাতে পরাজয়ের বৃত্তেই বন্দি সাকিবের দল।
ক্রাইস্টচার্চে টসে হেরে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩৭ রান তোলে বাংলাদেশ। সর্বোচ্চ ৩৩ রান আসে সাব্বিরের বদলে দলে সুযোগ পাওয়া নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে।
আর ১৩৮ রানের সহজ লক্ষ্য তাড়ায় ৮ উইকেট ও ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।
সে হিসেবে বাংলাদেশি বোলারদের সাফল্য কেবল দুটি উইকেট। ওপেনার ফিন অ্যালেনকে ১৮ বলে ১৬ রানে ফেরান পেসার শরীফুল ইসলাম। এরপর অধিনায়ক কেন উইলিয়াসনকে আউট করেন তাসকিন। উইলিয়াসনের ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৩০ রান।