টানা বিদ্যুৎ বিপর্যয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় সাউন্ড হেলথ হাসপাতালের জেনারেটর রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে।
রবিবার (৯ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন সাউন্ড হেলথ হাসপাতালের ব্যবস্থাপক মো. সাহাব উদ্দিন।
তিনি বলেন- হাসপাতালে ৬০ কিলোওয়াট ও ৮০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি জেনারেটর রয়েছে। বিদ্যুৎ চলে গেলে দিনে ৮০ কিলোওয়াট সম্পন্ন জেনারেটর চালু রাখা হয়। আর রাতে ৬০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন জেনারেটর চালু রাখা হয়। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন টানা বিদ্যুৎ না থাকায় রাত দেড়টায় চালু করা হয় ৬০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন জেনারেটর। ভোর রাত হলেও বিদ্যুৎ না আসায় জেনারেটরে আগুন ধরে যায়। অনেক চেষ্টার পর সাতকানিয়া ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেনারেটর রুমে আগুনের লেলিহান শিখা দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করে।
লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মো. মিজানুর রহমান মিজান জানান, হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করি। হাসপাতালে ভর্তিকৃত রোগীরা এদিক ওদিক ছুটাছুটি করছিল। তাদের নিরাপদে নিয়ে আসা হয়।
সাতকানিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস.এম হুমায়ন জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তাৎক্ষনিক এ ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারাণা করছি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।