ভ্রাম্যমাণ আদালতের অভিযান: সাতকানিয়ায় ৫ ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা
৫৬ কেজি ইলিশ মাছ জব্দ করে ৪টি এতিমখানায় বিতরণ
সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রি ও চিংড়িতে জেলি পুশ করার অপরাধে তিন মাছ বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৫৬ কেজি ইলিশ ও ৫ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার দোকান পরিচালনার অপরাধে আরও দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয় একই অভিযানে। রবিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেরানীহাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমির। অর্থদণ্ড প্রাপ্ত তিন মাছ বিক্রেতা হলেন আলী আকবর, নেজাম উদ্দিন ও আনোয়ার। এছাড়া দুই ব্যবসায়ী হলেন ওসমাণ গণি ও মহি উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা বলেন, ইলিশ ধরা ও বিক্রি করা ৭ অক্টোবর থেকে বন্ধ রয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি ও ওজন বাড়াতে চিংড়িতে জেলি পুশ করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পরে জেলিযুক্ত চিংড়িগুলো মাটিতে পুঁতে ইলিশগুলো ৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় আরও দুই দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের ভেজাল বিরোধী এ অভিযান চলবে।